দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্য জানান।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডে বেতন-ভাতা পেতে পারেন, সেজন্য ব্যবস্থা নিতে সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির গ্রেড বৃদ্ধির আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুর ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নিহত শিক্ষিকার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, দশম গ্রেডসহ তিন দাবিতে গত ৭ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ৮ নভেম্বর রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালন করতে যান তারা। এ সময় লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ওজলকামান নিক্ষেপে করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ শিক্ষককে আটক করা হয়।
৯ নভেম্বর আটক শিক্ষকদের ছেড়ে দিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের সঙ্গেও বৈঠক হয় তাদের। শিক্ষকদের চাকরি ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয় উভয় মন্ত্রণালয় থেকে। এরপর ১১ নভেম্বর থেকে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা।
৮ নভেম্বর সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন চাঁদপুর জেলার উত্তর মতলবের ‘ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর সহকারী শিক্ষক ফাতেমা আক্তার। ১৬ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।


