নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাসিকুর রহমান লিটন ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা।
নিহত মাসিকুর রহমান লিটন ভূঁইয়া বেলাবো উপজেলার বিন্নাবাইদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাবো থেকে নরসিংদী যাওয়ার পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, ‘এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাহনটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


