এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
একই সঙ্গে তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আদেশ দেয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আদেশের বিষয়টি তিনি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রসিকিউশনের পক্ষ থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন ও জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছে। এ মামলায় ২১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য হয়েছে।’
মাসুদ উদ্দিনকে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের সময় মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান (জিওসি) ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফট্যানেন্ট জেনারেল হন। বাংলাদেশের এ রাজনৈতিক সংকটে মাসুদ উদ্দিনকে অন্যতম একজন সংগঠক হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পার্টির মনোনয়নে তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একই আসন থেকে সদস্য নির্বাচিত হন।


