রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম, মো. আজাদ এবং মো. রাজন ।
পুলিশ জানায় রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


