জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে এই কমিশনের মেয়াদ।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সই করা এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রস্তাবিত সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করেছিল সরকার। সাত সদস্যের এই কমিশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
গত ১২ ফেব্রুয়ারি এই কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি। ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস। সে হিসেবে ১৫ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে আগস্টে এক মাস বাড়ানো হয়েছিল কমিশনের মেয়াদ।


