সাতক্ষীরায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন বড় ভাই। বড় ভাইয়ের নাম আব্দুল করিম (৫৬)।
রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার সাত্তারের মোড়সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের বাবার নাম আবুল কাশেম। নিহত আব্দুল গফুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এদিকে দুপুরে আব্দুল গফুরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি স্ট্রোক করেন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, ঘটনাটি বেদনাদায়ক। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


