চট্টগ্রামের হালিশহরের একটি আবাসিক ফ্ল্যাটের রান্নঘরে গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, প্রচণ্ড বিস্ফোরণে ফ্ল্যাটটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা নারী ও শিশুরা মারাত্মকভাবে আহত হন। উদ্ধারকারী দল আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যায়।
সিএমসিএইচের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিকউদ্দিন আহমেদ জানান, নয়জনের সবাই আশঙ্কাজনক অবস্থায় আছেন। গরম গ্যাস ও ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করায় তাদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, রানি ও পাখি নামের দুইজন নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষ শতভাগ দগ্ধ হয়েছেন। এ ছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ এবং বাকি ভুক্তভোগীদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।


