আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে চিফ প্রসিকিউটর পদে পূর্বে নিযুক্ত তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৯৭৩ এর ধারা ৭ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। তিনি এ পদে অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিয়োগপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা স্মারকের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


