ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এসব প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির ছয় নেতা। এদের মধ্যে দুইজন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেনি। আর তিনজন দলের মনোনয়ন চেয়েও বঞ্চিত হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।
খুলনা সিটির প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা-২ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তবে এই আসনে এর আগে তিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে তিনি হেরে গিয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোননয়ন চেয়েও পাননি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)- এর অনুবৃত্তিক্রমে উল্লেখিত ব্যক্তিদের করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ দেওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।


