ময়মনসিংহে চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবলু মিয়া (২৪) । এ নিয়ে দীপু হত্যার সঙ্গে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করা হলো।
ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার কারখানার উত্তর প্রজেক্টের গেটসংলগ্ন একটি চায়ের দোকান থেকে রোববার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু মিয়া ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তিনিই সর্বপ্রথম কারখানার গেটে লোক জড়ো করে স্লোগানের মাধ্যমে তাদের উত্তেজিত ও একত্রিত করেন।
তিনি জানান, বাবলু মিয়ার বিরুদ্ধে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়াসহ মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ পর্যন্ত ওই হত্যা মামলায় সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


