চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় আর মাত্র একদিন বাকি। এখন পর্যন্ত মোট ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সোমবার সংগ্রহ করেছেন ১৪১ জন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের এ তথ্য জানান চাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মনির উদ্দিন।
তিনি বলেন, ‘সোমবার ভিপি পদে দুইজন, জিএস পদে চারজন, সম্পাদক পদে ৩৩ জন এবং নির্বাহী সদস্য পদে ১৩ জন মনোনয়ন নিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত হল সংসদে নিয়েছেন ৭২ জন। এর মধ্যে মেয়েদের হলে নিয়েছেন মোট ৪৫ জন। কেন্দ্রীয় সংসদে আরও ১১ জন পদবি উল্লেখ না করে মনোনয়ন সংগ্রহ করেছেন।’
তিনি আরও জানান, ১৪ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত ভিপি পদে নয়জন, জিএস পদে ছয়জন, এজিএস পদে দুইজন, সম্পাদক পদে ৪৮ জন এবং সদস্য পদে ১৩ জন মনোনয়ন নিয়েছেন। তবে সোমবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি।
সোমবার বিকালে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, প্রার্থীরা সরাসরি এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ইসলামি আন্দোলনের প্যানেল থেকে এদিন ১৮ জন মনোনয়ন নেন। তাদের ভিপি পদপ্রার্থী হিসেবে ফিন্যান্স বিভাগের আবদুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন।
এদিকে শিক্ষার্থীদের একটি অংশ মনোনয়ন সংগ্রহের সময় বাড়ানোর দাবি তুললেও চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘মঙ্গলবারও সময় আছে। আশা করি শিক্ষার্থীরা সেই সময়ের মধ্যেই সংগ্রহ করবে।’
মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে ছাত্রদলের নেতারাও রয়েছেন। সোমবার চবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা এককভাবে মনোনয়ন নিয়েছেন। তবে এখনো তাদের দলীয় প্যানেল ঘোষণা হয়নি। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে কয়েকজন মনোনয়ন নিয়েছে। আমরা এখনো প্যানেল ঘোষণা করিনি।’
জানা গেছে, মঙ্গলবার ছাত্রশিবির মনোনয়ন সংগ্রহ করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থী থাকেন ক্যাম্পাস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। এ বিষয়ে শহরে ভোটকেন্দ্র রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, ‘ক্যাম্পাসের ভোট ক্যাম্পাসেই হবে।’
এদিকে চাকসু নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে চবি ক্যাম্পাস। প্রার্থী বাছাই ও প্যানেল ঘোষণাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চায়। এবার চাকসু থেকে যোগ্য নেতৃত্ব আসবে বলে আশা করি।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব উদ্দিন বলেন, ‘আমাদের প্রত্যাশা নির্বাচন যেন স্বচ্ছ হয়, কারো নিয়ন্ত্রণে না থাকে এবং চাকসু যেন নিয়মিত আয়োজন করা হয়।’
তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়ন বিতরণের শেষ দিন। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। পরে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট দেবেন শিক্ষার্থীরা।


