দেশের বরেণ্য চিত্রশিল্পী, শিল্পশিক্ষক ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খ্যাতিমান কার্টুনিস্ট রফিকুন নবী। মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি ধানমন্ডিতে মুস্তাফা মনোয়ারের বাসভবনে ছুটে যান।
গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রফিকুন নবী বলেন, ‘দেশের সৃষ্টিশীল জগতের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মুস্তাফা মনোয়ার। সাংস্কৃতিক অঙ্গনের একজন বিশিষ্ট মানুষ ছিলেন তিনি। তার মৃত্যু আমাদের দেশ ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ করা সহজ হবে না।’
তিনি আরও বলেন, মুস্তাফা মনোয়ার বহুমাত্রিক সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর শিল্পকর্ম ও অবদানই তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
শিল্পীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল জানান, রাত ৩টা থেকেই তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন। সকালে চিকিৎসকদের কাছ থেকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর সংবাদ পান তিনি।
পরে হাসপাতাল থেকে শিল্পীর মরদেহ ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করার পর ধানমন্ডির ১ নম্বর সড়কের বাসভবনে মরদেহ রাখা হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর দাফনের সময় ও স্থান চূড়ান্ত হয়নি।


