চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে বাড়ির পাশের রাস্তার ধারে কচুরিপানায় আচ্ছাদিত একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, গত ২৭ জুন রাত থেকে ইলিয়াস নিখোঁজ ছিলেন। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


