রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু এবং শিশু আহত হওয়ার ঘটনাস্থল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা ভারী বৃষ্টির মধ্যে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি শেল্টারের ওপর পড়ে। এতে শেল্টারটি মাটিচাপা পড়ে এবং ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন। পরে স্থানীয় রোহিঙ্গা, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালান।

পাহাড়ধসে সমি উল্লাহর মেয়ে বিবি হাফসা (১৯) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় নুরুল ইসলামের তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদ আহত হয়। তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পাহাড়ধসের পর স্থানীয় রোহিঙ্গারা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়। আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এপিবিএন সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি মাসে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা বৃষ্টি ও পৃথক পাহাড়ধসের ঘটনায় এ নিয়ে অন্তত ১৬ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad