ঈদুল আজহায় রংপুর মহানগরী থেকে ৮ ঘণ্টায় মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
বৃহস্পতিবার সকালে ঈদের জামাত শেষে পশু কোরবানি শুরু করেন নগরীর বাসিন্দারা। কেউ মাঠে, কেউ সিটি করপোরেশন নির্ধারিত ৩৩ টি ওয়ার্ডের ৬৬টি পয়েন্টে, কেউ বাসা বাড়ির উঠোনে আবার কেউ রাস্তায় পশু কোরবানি করছেন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, ‘প্রিয় রংপুর নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত জায়গা আছে সেখানে পশু কোরবানি করুন। পশু কোরবানির পরে বর্জ্যগুলো ফেলার নিদিষ্ট যে জায়গাগুলো আছে সেখানে ফেলুন।’
ডন বলেন, ‘যত্রতত্র পশু কোরবানি না করে নির্দিষ্ট স্থানে আপনাদের পশুটি কোরবানি করবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। যদি কেউ বাসায় কোরবানি করেন তাহলে অন্তত তিন ফিট গর্ত করে বর্জ্যগুলো পুঁতে ফেলবেন।’
ঈদুল আজহার দিনেও রংপুর সিটি কর্পোরেশনের প্রায় ১০৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে জানিয়ে ডন আরও বলেন, ‘যদি বাসায় পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সিটি কর্পোরেশন নির্ধারিত ডাস্টবিনগুলোয় বর্জ্য ফেলুন। ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিস্কার করা হবে।’


