শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চারজন শিশুদেরও আটক করা হয়েছে।
পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন তারা। পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শ্রীবরদীতে এসে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।
বিজিবির দাবি, কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে জঙ্গল থেকে তাদের আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।


