সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা লড়তে সুপ্রিম কোর্টের ২৬৫ জন আইনজীবীকে আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সলিসিটর সানা মো. মারুফ হোসাইন। প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।
এই নিয়োগের ফলে সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা লড়তে অ্যাটর্নি জেনারেল ও তিন জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ২৬৯ জন আইন কর্মকর্তা রয়েছেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেশি সংখ্যক আইন কর্মকর্তা নিয়ে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস: অ্যা পলিটিক্যাল রিহ্যাব সেন্টার’ শিরোনামে ৩ জানুয়ারি টাইমস অব বাংলাদেশে সংবাদ প্রকাশিত হয়।
তাতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৩৩৫ জন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদে নিযুক্ত রয়েছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিযুক্ত আইন কর্মকর্তাদের এই সংখ্যা ও দৃষ্টান্ত বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে এই সংখ্যা দুশোর কিছু বেশি ছিলো। তখন সেটিও ছিলো নজিরবিহীন এবং প্রয়ােজনের তুলনায় অনেক বেশি।


