ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এসব কথা নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ‘ভোরের দিকে খবর আসে, জেনেভা ক্যাম্পে দ্রুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।’
তিনি জানান, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, সংঘর্ষে একজন আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত কেউ বলতে পারেনি।
হাসপাতালে থাকা নিহতের বন্ধুরা জানান, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


