জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জুমুনা) আগামী ১৫ থেকে ১৭ মে ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে ‘জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৬’-এর অষ্টম আসর।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফাহমিদা সুলতানা তামান্না এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে জলবায়ু সহনশীল বিশ্ব গড়ে তোলা। অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী কূটনৈতিক অভিজ্ঞতা দিতে মোট আটটি কমিটি গঠন করা হয়েছে।’
কমিটিগুলোর মধ্যে রয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি (ডিআইএসইসি), লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনৈতিক কমিশন (ইসিএলএসি), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনএফপি), মডেল জাতীয় সংসদ এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি (ইউএনএনএ)।
তামান্না আরও জানান, প্রতিটি কমিটিতে চলমান বৈশ্বিক সংকট, নীতিনির্ধারণী চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ইউএনএসসি ও ইউএনএনএ কমিটিতে উন্মুক্ত এজেন্ডার মাধ্যমে সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুতে তাৎক্ষণিক আলোচনার সুযোগ থাকবে।
১৫ মে সকালে যুব উন্নয়ন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কমিটি সেশন শুরু হবে। ১৫ ও ১৬ মে পূর্ণাঙ্গ কার্যক্রম চলবে এবং ১৭ মে সাভার গলফ ক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ ও ১৬ মে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রায় ৩০০ জন প্রতিনিধি নিবন্ধন সম্পন্ন করেছেন, যা ৩৫০-এ পৌঁছানোর আশা করা হচ্ছে। জাবির শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে।
বাইরের অংশগ্রহণকারীদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে আবাসনের ব্যবস্থা করা হয়েছে এবং নির্বাহী বোর্ড সদস্যরা থাকবেন যুব উন্নয়ন কেন্দ্রে। শাহবাগ, মিরপুর ও উত্তরা রুটে যাতায়াতের জন্য পরিবহন সুবিধাও থাকবে।
সম্মেলনে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, ব্রিটিশ হাইকমিশনারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এই সম্মেলন কেবল বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং অংশগ্রহণকারীদের পাবলিক স্পিকিং, কূটনৈতিক দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম।


