সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীরকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ডিজিএফআই-এর নতুন প্রধান হচ্ছেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই প্রধান করা হচ্ছে।
রোববার দুপুরে সেনাসদর থেকে এসব বদলির আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


