বই পড়ার সংস্কৃতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
কাঠ ও কাঁচ দিয়ে বিশেষভাবে নির্মিত এই লাইব্রেরিটি স্থাপনের উদ্যোগ নিয়েছেন ঢাবির যোগাযোগবৈকল্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ ফয়সাল।
তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমি অনুভব করেছি যে আধুনিক প্রযুক্তির যুগে মানুষ বই থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে আমাদের মতো ব্যস্ত শহরে বই পড়ার সুযোগ ও পরিবেশ কমে আসছে। আমি চেয়েছি বইকে মানুষের হাতের কাছে নিয়ে যেতে, যেন পথ চলতে চলতেও কেউ সাহিত্যের স্বাদ নিতে পারেন।’
মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন এবং মেধার বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আরিফ বলেন, ‘এই লাইব্রেরিটি মূলত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের বইমুখী করতে একটি সামাজিক আন্দোলন হিসেবে কাজ করবে।’
লাইব্রেরিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের প্রতিকৃতি স্থান পেয়েছে। এ ছাড়াও শরিফ ওসমান হাদির সেই সময়োপোযোগী মন্তব্য ‘মানুষ মরে যায়, কিন্তু তার আদর্শ বেঁচে থাকে আজীবন’ এই মন্তব্যও লাইব্রেরির কাঠামোতে ফুটিয়ে তোলা হয়।


