লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তা রুখে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকায়, ধবলসুতী বিওপির (সীমান্ত ফাঁড়ি) আওতাধীন ষোলঘরিয়া সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর সাব-পিলার ৯-এস-এর মাঝামাঝি এলাকায় তিনজনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা এতে যুক্ত ছিলেন বলে অভিযোগ বিজিবির।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য ও স্থানীয় উৎসুক জনতা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। বিজিবি ও জনতার যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পিছু হঠাতে বাধ্য হয়। বর্তমানে ওই তিনজন ভারতীয় নাগরিক শূন্যরেখার ওপারে, ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, পুশইনের চেষ্টা চালানো মাত্রই বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদের মুখে তা ব্যর্থ হয়। এরইমধ্যে বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পুশইনের চেষ্টাকৃত ওই ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


