পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদী সাঁতরে গরু পার করতে গিয়ে প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শনিবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গুল মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হচ্ছিলেন গুল মোহাম্মদ আলী। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ জন উদ্ধার অভিযানে অংশ নেন। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কয়েকদিনের ব্যবধানে করতোয়া নদীতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নদী পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নদীর ওই স্থানে পানির স্রোত অনেক বেশি থাকায় বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


