তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো ধানাই-পানাই চলবে না বলে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এসময় তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে এক চুল পরিমাণও সরবেন না।
শনিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশ ইন বন্ধ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, “ভোট দেবেন দুটো। একটি আমার দলকে, আরেকটি গণভোটে হ্যাঁ।” তিনি প্রথমটা রক্ষা করেছেন। দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরানোর জন্য নানা কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারবো না। জাতিকে কথা দিয়েছি, লড়াই করে যাব। গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো ধানাই-পানাই চলবে না। তিস্তা অঞ্চলের মানুষের দুঃখ দূর করতে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে তিস্তা নিয়ে কোনো বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, বাস্তব পদক্ষেপ দেখতে চাই। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে।’
সীমান্তে পুশ ইন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ সীমান্তে সুরসুড়ি দিচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব রয়েছে। জনগণ ও বিজিবির সদস্যরা প্রতিরোধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের অভিপ্রায় ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান না নিতে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হলেও কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।


