রাজধানী ঢাকার মগবাজারে মীরের টেকে ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবন ধসে তিন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভবনটির পাশের দোকানদার কালা মিয়া জানান, শুক্রবার সকালে তার দোকানের পাশের নির্মাণাধীন ভবনটির সাততলায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সাড়ে ১০টার দিকে তীব্র ভূমিকম্পে ভবনের দেয়ালসহ ধসে তারা সাততলা থেকে নিচে পড়ে যান। এতে তিনজন গুরুতর আহত হন।
নির্মাণাধীন এই ভবনের পাশের জাহাঙ্গীর টাওয়ারের বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন থেকেই ভবনটির নির্মাণ কাজ চলছে। জীবিকার তাগিদে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নির্মাণ শ্রমিকরা এখানে এসে কাজ করেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭।
এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন।


