একরাম হত্যায় অভিযোগের শুনানি রোববার

একরাম হত্যায় অভিযোগের শুনানি রোববার
একরামুল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ ১১ আসামির বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর রোববার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানির দিন ধার্য করে।

এ মামলায় সাবেক এমপি বদিসহ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।

মামলার অন্য আসামিরা পলাতক। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন এবং সেনা কর্মকর্তা নাজমুস সাকিব ও আশিকুর রহমান। তাদের পক্ষে গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় আদালত।

প্রসিকিউশনের অভিযোগ মতে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলী এলাকার একটি সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভসংলগ্ন সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

আরও পড়ুন

কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে একরামুল হককে অবৈধভাবে আটক ও অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা এবং ওই অপরাধে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের দাবি, একরাম হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ।

গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন অভিযোগের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad