গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
শনিবার দুপুরে গিলারচালা ও বেড়াইদেরচালা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর থানার উত্তররাণীপুর গ্রামের রাকিব হাসান (৪২), তার স্ত্রী বিথী আক্তার (২৭) এবং তাদের এক বছর বয়সী কন্যাসন্তান নূর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ‘ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তারা পরিবারসহ স্থানীয় এলাকায় বসবাস করতেন।
পারিবারিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাকিব হাসান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনের একটি দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে ধাক্কা দিয়ে পিষে চলে যায়। কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাকিব হাসান ও তার শিশুকন্যা নূরকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শিশু নূরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট নূর।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ডভ্যানটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।


