নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মনির হোসেইন কাশেমীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ ওঠেছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রতিটি পুরস্কারের প্লেটের সঙ্গে এক হাজার টাকার দুটি নোট দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে জানান, ভোটারদের আকৃষ্ট ও প্রভাবিত করার উদ্দেশ্যে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ ছাড়া পুরস্কারের প্লেটের সঙ্গে টাকা দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা (ফতুল্লা অঞ্চলের) সহকারী কমিশনার আসাদুজ্জামান নুর বলেন, ‘সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। একজন সংসদ সদস্য প্রার্থী কোন স্কুল বা কলেজের অনুষ্ঠানে অতিথি হয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।’
সংশ্লিষ্ট তদন্ত কমিটি লিটল জিনিয়াস স্কুলে তদন্ত করতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, প্রার্থী যদি ভোটার প্রভাবিত করার জন্য নগদ অর্থ বিতরণ করেছেন তা প্রমাণিত হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে জড়িত জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী মনির হোসেইন কাশেমীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নির্বাচনী আইন অনুযায়ী ভোটার প্রভাবিত করার উদ্দেশ্যে নগদ অর্থ বা যেকোনো আর্থিক সুবিধা প্রদান ঘুষ হিসেবে গণ্য হয়। এটি নির্বাচনী আইনে কারাদণ্ড ও জরিমানার মত শাস্তিযোগ্য অপরাধ।


