শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়ে কৌতূহল সৃষ্টি ও প্রবাসে বাংলা শেখার আনন্দ বাড়াতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বাংলা স্কুলের উদ্যোগে সম্পন্ন হয়েছে বিশেষ আয়োজন ‘বাংলা লার্নিং উইথ সায়েন্স এক্সপেরিমেন্ট ফান’।
সেখানে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হাতে-কলমে শেখানোর জন্য নানা ধরনের বিজ্ঞান শিক্ষা ও অন্যান্য অংশগ্রহণমূলক কাজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, শিক্ষা সচিব দেলোয়ার হোসাইন, বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, উপাধ্যক্ষ লতিফুন আহসিন ভূঁইয়াসহ অভিভাবক ও সুধীজনেরা।
শিশুদের জন্য শিক্ষা অর্জন আরও আনন্দময় করে তুলতে এই উদ্যোগের আয়োজন করে বিসিএওসি ক্যালগেরি বাংলা স্কুল ও অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভ্যান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন (এএএসইই)। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. আনিস হক ও তার দক্ষ টিম এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে শিশুরা মানবদেহের গঠন, পেশীর কাজ, স্পাইনাল কর্ডের ভূমিকা ইত্যাদি বিষয়ে জানার পাশাপাশি আর্কিমিডিসের সূত্র নিয়ে মজাদার ব্যবহারিক পরীক্ষা করে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে তারা বিজ্ঞান কীভাবে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বাস্তবে প্রয়োগযোগ্য, সে বিষয়ে জ্ঞান অর্জন করে।
অভিভাবকরা জানান, এটি শুধু শিক্ষার মান উন্নত করছে না, বরং পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান, যুক্তি ও ভাষা শিক্ষার এক ভারসাম্যপূর্ণ পথে এগিয়ে দিচ্ছে।
এমন উদ্যোগ শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বাড়ানোর পাশাপাশি বাংলা শেখার আগ্রহও জাগিয়ে তুলেছে।
আয়োজকরা জানিয়েছেন, এমন শিক্ষামূলক আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। তারা বলেন, এ ধরনের কর্মসূচি শিশুদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে।


