ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম সোনা ও আইফোন জব্দ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম সোনা ও আইফোন জব্দ
Advertisement
Advertisement

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয় বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্লাইটের যাত্রী তানবীর হাসান রিফাতকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং শরীর তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও শরীর তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আরও জানায়, গত এক সপ্তাহে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিমানবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad