মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক ভ্যানচালকের নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পেশায় পাখিভ্যান চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহি বাস (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো জ-১১-১০২৮) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন আব্দুস শুকুর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বামন্দী আল-ফালা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর উপজেলার মশান বাজারে পৌঁছালে তিনি মারা যান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


