ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে।
এছাড়া কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে। মঙ্গলবার দলের ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে এই বিজ্ঞপ্তিতে সই করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কমিটি সার্বিক নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, প্রশিক্ষণ এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।


