শিক্ষার্থীরা দেশ বদলানোর সামর্থ্য রাখে: হুমাম কাদের

শিক্ষার্থীরা দেশ বদলানোর সামর্থ্য রাখে: হুমাম কাদের
চুয়েটের শামসেন নাহার খান হলে ‘স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হুমাম কাদের চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শামসেন নাহার খান হলে শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাপনা ডিজিটাল করার লক্ষ্যে ‘স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে হল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেন বলেন, দেশপ্রেম খুবই গুরুত্বপূর্ণ। জুলাইয়ে ১ হাজার ৪০০ মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই আত্মত্যাগকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের এই দেশ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে। দেশের ভবিষ্যৎ কেমন হবে, তা তোমরাই নির্ধারণ করবে।

তিনি বলেন, দেশে অনেক প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছেন। তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন, যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সাফল্যের পথে ব্যর্থতা আসবেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের প্রতিবার ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন একেএস খান হোল্ডিংস ও একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক রাজিয়া সুলতানা।

এ সময় হলের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী সাদিকা মারিয়াম। সফটওয়্যারটি নির্মাতা প্রতিষ্ঠান রূপকল্প সফটওয়্যারের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সায়মা আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শ্রাবন্তী সরকার এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী শ্রেয়সী ঘোষ।

অনুষ্ঠান শেষে অতিথিরা চুয়েট মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়কে একটি পোর্টেবল এক্স-রে মেশিন উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad