ঢাকার আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ঢাকার আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, মঙ্গলবার। ছবি: স্ক্রিনগ্র্যাব
Advertisement
Advertisement

রাজধানীর চকবাজার থানাধীন সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতরা হলেন মাদ্রাসার শাখা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালে সানাউল্লাহ ও রাব্বি মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জন শিবির নেতাকর্মী রড, লাঠি ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেই রক্তাক্ত জখম হন। পরে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সাব্বির রহমান নামের এক শিক্ষার্থী জানান, সানাউল্লাহর দুই পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে রড ও লাঠির আঘাত রয়েছে। অন্যদিকে রাব্বির বাঁ পায়ে ইটের আঘাতে মারাত্মক জখম হয়েছে।

আরও পড়ুন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। সকালে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয়েছেন জকসুর ভিপি, জিএস, এজিএস এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ অনেকে।

অপরদিকে, ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ ও ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হয়েছেন।

বিকাল ৫টার দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন টাইমস অব বাংলাদেশকে বলেন, ছাত্রদল ও শিবিরের দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad