গত ২৩ জুন রাজধানীর ধানমন্ডিতে খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে তদন্তের কথা বলা হলেও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরণের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানায় সম্পাদক পরিষদ।


