টানা ছয়দিন নিখোঁজ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
সিরাজুল গত ১৮ জুন নিখোঁজ হন। এরপর থেকে পরিবার, সহপাঠী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধানে কাজ করে আসছিল।
উদ্ধারের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিরাজুল বলেন, ‘আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথা এখন কাজ করছে না। আমি কিছু জানাতে পারছি না।’
সিরাজুলের বাবা আবুল কালাম জানান, বৃহস্পতিবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয় যে সিরাজুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, ‘এখনো সিরাজুলের সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তবে যতদূর জানা গেছে, তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি।’
এদিকে শিক্ষার্থীকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষার্থী সিরাজুল ইসলাম কয়েকদিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।’
তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয়েছিল এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম বিষয়টি নিয়ে কাজ করেছে।


