জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের ৪০ থকে ৫০ জন নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা চালান।
এ সময় অনুষ্ঠান পণ্ড হওয়া রোধ ও ক্যাম্পাসে পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবির এখন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির কথা বলছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে ছাত্রদল উল্লেখ করে, এই দাবির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল ও অন্যান্য ছাত্রসংগঠন। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছানোর পর তাদের এই সক্রিয়তার উদ্দেশ্য ছিল উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করা এবং স্মারক অনুষ্ঠানকে বিতর্কিত করা।
এ ছাড়া রংপুর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মহড়া, জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদের বক্তব্য এবং সাম্প্রতিক নানা ঘটনার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটিও একই পরিকল্পনার অংশ বলে বিবৃতিতে দাবি করা হয়। জামায়াত-শিবিরের নানা কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ার কারণে দৃষ্টি ভিন্ন খাতে সরাতে এসব করা হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে ছাত্রদল জানায়, তারা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও ছাত্রদল দৃঢ় অবস্থানে থাকবে।


