যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক, হেলপার ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ২৬ বছর বয়সী এক ছাত্রী রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন।’
‘বাসে আগে থেকে দুজন যাত্রী ছিলেন। পরে তারা নেমে গেলে ওই কলেজছাত্রীকে একা পেয়ে চালক, হেলপার ও তাদের সহযোগী তাকে জোর করে আটকে রাখেন।’
ওসি জানান, এ সময় তারা ওই তরুণীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে রাতভর কলেজছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি মো. শরীফ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় একটি বাস সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।’
তিনি বলেন, ‘চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।’
পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাসচালক ও তার দুই সহযোগীকে আটক করা হয় বলে জানান তিনি।


