ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন) শেষ হয়েছে। এই অধিবেশনে ২৬টি কার্যদিবস ছিল।
বুধবার এ অধিবেশন শেষ হয়। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিবেশনের সমাপনী দিনে জানানো হয়, বাজেট অধিবেশনে ১৪টি কার্যদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে। এতে সরকারি ও বিরোধী দলের ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ ১০টি সরকারি বিল পাস হয়েছে।
অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি নোটিশ গৃহীত হয় এবং ২২টির ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী আলোচনা ও নিষ্পত্তি হয়েছে চারটি সিদ্ধান্ত প্রস্তাব।
প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য এ অধিবেশনে ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে ৫ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ মোট ১১টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন শুরু হয় গত ৭ জুন। ১১ জুন সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।


