টানা নয় দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার বিকালে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে এবং রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত ৭ জুলাই সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছিল। সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল।
সাজেক ভ্যালির পাশাপাশি ওই সময়ে জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। প্রত্যাহার সংক্রান্ত নতুন এই সিদ্ধান্তের ফলে পুনরায় সেখানে পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।


