বান্দরবানের রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন।
রুমা থানার ওসি মানস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন: জামির উদ্দিন (৩২) এবং রূপাইয়া আক্তার (৩০)।
ওসি জানান, বৃহস্পতিবার ১০ জনের একটি পর্যটক দল বগালেকে রুম বুকিং দেন। তাদের মধ্যে ৮ জন সেখানে অবস্থান করলেও জামির এবং রূপাইয়া কোন ধরনের অনুমতি ছাড়াই গভীর রাতে একটি বাইক নিয়ে কেওক্রাডংয়ের দিকে চলে যায়। ফেরার পথে পেঁপে বাগান এলাকায় ঢালু রাস্তায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নিহতদের মধ্যে জামির উদ্দিন ভোলা জেলার মানিকারহাট এবং রূপাইয়া আক্তার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা।
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার জানান, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ট্যুর গাইডদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


