গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না, বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রী বলেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনগত যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে এলে তো ভালো। তিনি দেশে এলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’
শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে বাকি যেগুলো আছে, সেগুলো সংশোধনের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে, যে সংশোধনগুলো করার দরকার, আমরা সেগুলো করব।‘
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। এখন যথাযথভাবে আইনগতভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষ্যে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপন ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যান্যরা।


