দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন, সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন ও মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
মাদারীপুর: মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাসের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কবলে পড়ে একটি ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার শিকার হয়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হৃদয় হোসেন মোটরসাইকেলযোগে বগুড়া থেকে পাবনার বেড়ায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানা জানিয়েছে, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা লেগে আশিক (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু আলামিন (৩২)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার টাঙ্গাইল-ঘিওর-বরংগাইল আঞ্চলিক মহাসড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন। আহত আলামিন ঝিনাইদহের শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে। তিনিও পেশায় টাইলস মিস্ত্রি। কাজের সুবাদে তারা দীর্ঘদিনের বন্ধু।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তসহ এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


