রাজধানীর শাহবাগ থানার সামনে আটক এক সহপাঠীর মুক্তির দাবিতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। শনিবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে তারা একটি রিকশায় মাইক লাগিয়ে ভাষণটি প্রচার শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান করে ভাষণটি বাজাতে থাকেন এবং আটক শিক্ষার্থীর মুক্তির দাবি জানান।
এর আগে, শনিবার বিকালে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাষণটি বাজানো নিষিদ্ধ হওয়ায় তাকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ দেওয়া হয়েছে বলেই তাকে আটক করা হয়েছে।’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ভাষণটি বাজানোর সময় কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককেও থানায় নেওয়া হয়। সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়।
২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়। ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির অধীনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল সংরক্ষণ ও স্বীকৃতি দেওয়া হয়। ওই তালিকায় মোট ৭৮টি দলিলের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ৪৮ নম্বরে স্থান পায়।


