বাংলাদেশকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসমালোচনা, কৃতজ্ঞতা প্রকাশ এবং মানবতার কল্যাণ নিয়ে ভাবার এক বিশেষ সময়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় তিনি বলেন, এই মাস মানুষকে একত্রিত হয়ে জীবনের নানা আশীর্বাদ উদযাপনের সুযোগ করে দেয়।
প্রণয় ভার্মা আরও বলেন, রমজান মাস সহমর্মিতা, সহানুভূতি, উদারতা ও দয়ার মতো মূল্যবোধকে আরও শক্তিশালী করে, যা দুই দেশের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ককে মানুষকেন্দ্রিক বলে উল্লেখ করে বলেন, দুই দেশের বন্ধুত্বের ভিত্তি গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্ক।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ ত্যাগ দুই দেশের জনগণের মধ্যে স্থায়ী বন্ধনের স্মারক হয়ে রয়েছে।
ভবিষ্যৎ প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের প্রাণবন্ত সমাজ এখন সম্ভাবনাময় এক নতুন সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং উভয় দেশ একসঙ্গে কাজ করে পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে চায়।
রমজান উপলক্ষে তিনি বাংলাদেশের সকল মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এই মাস পারস্পরিক বন্ধুত্ব ও সংহতির বন্ধনকে আরও দৃঢ় করবে।


