ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এবং পালিয়ে যাওয়া বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।


