রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর সংঘটিত হামলা, হেনস্তা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। পাশাপাশি এই হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলাবর সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ এর সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।
সমাবেশের শেষের দিকে ব্রিফিং চলাকালে কথা কাটাকাটির জেরে কয়েকজন জামায়াতকর্মী দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন।
উপস্থিত সাংবাদিকেরা এই মন্তব্যের প্রতিবাদ করলে এক পর্যায়ে তা সংঘাতে রূপ নেয়। এ সময় মাহফুজুর রহমান শিশির মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। এ ছাড়া, ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।
এইচআরএসএস মনে করে, সংবাদ সংগ্রহের সময় এ ধরনের হামলা সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে, যা একটি বস্তুনিষ্ঠ ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। তা ছাড়া, সাংবাদিকদের ওপর হামলা একটি গুরুতর অপরাধমূলক কাজ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
বিবৃতিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরএসএস।


