দেশের পর্যটনখাতকে কিভাবে বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, সেজন্য মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তার মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পর্যটন সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বিশেষ করে কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে নতুন করে সুসজ্জিত করার পরিকল্পনা আমরা নিয়েছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পর্যটন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মরমী সাধক লালন শাহের জন্মস্থান, মরমী কবি পাগলা কানাইয়ের স্মৃতিধন্য জায়গা, ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মল্লিকপুর বটবৃক্ষ এলাকাগুলো আমাদের পরিকল্পনায় রয়েছে। এসব জায়গা সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’
জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপন ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যান্যরা।


