লবণ- রান্নাঘরের অতি পরিচিত এই উপাদানটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এর সঙ্গে জড়িয়ে আছে মানবসভ্যতার হাজার বছরের ইতিহাস। সাম্রাজ্যের উত্থান-পতন, উপনিবেশ বিস্তার, যুদ্ধ, বিপ্লব, বাণিজ্য, প্রযুক্তির অগ্রগতি এমনকি ভাষার উৎপত্তিতেও রয়েছে লবণের প্রভাব।
মার্ক কার্লানস্কির ‘সল্ট: এ ওয়ার্ল্ড হিস্টোরি’ তুলে ধরা হয়েছে, কীভাবে একটি সাধারণ খনিজ পদার্থ বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার লেখক গ্রাহাম ম্যাকগ্রেগর ও হিউ ডি ওয়ার্ডেনারের ‘সল্ট, ডায়েট এন্ড হেলথ’ বইয়েও লবণের বহুমাত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে।
মানবসভ্যতার শুরু থেকেই মানুষ বিভিন্ন পদ্ধতিতে লবণ সংগ্রহ করে আসছে। প্রাচীনকালেই মানুষ বুঝেছিল, লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি মাংস ও মাছ সংরক্ষণের অন্যতম কার্যকর উপায়। আধুনিক হিমায়ন প্রযুক্তি আবিষ্কারের বহু আগে লবণ ব্যবহার করেই দীর্ঘ সময় খাদ্য সংরক্ষণ করা হতো।
তবে সময়ের সঙ্গে এটি শুধু খাদ্য সংরক্ষণের উপকরণে সীমাবদ্ধ থাকেনি, বিভিন্ন সমাজে লবণ পেয়েছে সাংস্কৃতিক ও প্রতীকী মর্যাদা। পশ্চিমা সমাজে খাবার টেবিলের লবণদানি ছিল বন্ধুত্ব ও আতিথেয়তার প্রতীক। জাপানের সুমো কুস্তিগীররা প্রতিযোগিতার আগে পবিত্রতার প্রতীক হিসেবে মাটিতে লবণ ছিটিয়ে থাকেন।
সভ্যতার শুরু লবণ থেকে
লবণের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এর মূল্যও বৃদ্ধি পায়। ফলে যেসব এলাকায় লবণের খনি বা উৎস ছিল, সেসব জায়গাকে ঘিরে গড়ে ওঠে জনপদ ও শহর। অস্ট্রিয়ার সালজবুর্গ শহরের অর্থই ‘লবণের শহর’; শহরটি একটি বিশাল লবণ খনির ওপর প্রতিষ্ঠিত। একইভাবে হলস্টল, স্কটল্যান্ডের সল্টকোটস ও গ্রিসের প্রাচীন হালিপেডন শহরের নামেও লবণের উপস্থিতি রয়েছে। প্রাচীন মিসরীয়রা লবণকে পবিত্র মনে করত এবং খাবার সংরক্ষণ ও মৃতদেহ সংরক্ষণে এটি ব্যবহার করত।
লবণের বাণিজ্যিক গুরুত্বের কারণে প্রাচীন বিশ্বে আলাদা বাণিজ্যপথও তৈরি হয়। রোমানরা লবণ পরিবহনের জন্য ‘ভায়া সালারিয়া’ নামে সড়ক নির্মাণ করেছিল। আফ্রিকার সাহারা মরুভূমির মধ্য দিয়েও লবণ বাণিজ্যের পথ ছিল, যেখানে তুয়ারেগ জনগোষ্ঠী প্রতিবছর বিপুল পরিমাণ লবণ পরিবহন করত। এভাবেই লবণ শুধু খাদ্যের উপাদান নয়, প্রাচীন অর্থনীতি ও সভ্যতা গঠনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

লবণ উৎপাদনের ক্ষেত্রে প্রাচীন চীনের প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত। ষষ্ঠ থেকে নবম শতকের মধ্যে চীনে সমুদ্রের পানি কৃত্রিম জলাধারে আটকে সূর্যের তাপে বাষ্পীভূত করে লবণ সংগ্রহের পদ্ধতি চালু ছিল। যিশুখ্রিষ্টের জন্মের ২ হাজার ৭০০ বছর আগে চীনা এক ওষুধবিজ্ঞানের বই পাওয়া গেছে, যেখানে ৪০ ধরনের লবণের উল্লেখ রয়েছে। একই সঙ্গে সেই বইয়ে লবণ উৎপাদনের দুটি পদ্ধতি বর্ণনা করা আছে।
কার্লানস্কির মতে, বিশ শতক পর্যন্ত লবণ উৎপাদনের ক্ষেত্রে এটি ছিল অন্যতম বড় প্রযুক্তিগত অগ্রগতি।
সাম্রাজ্যের শক্তির উৎস ছিল লবণ
ইতিহাসে লবণ নিয়ন্ত্রণ করা মানে ছিল অর্থনীতি ও ক্ষমতা নিয়ন্ত্রণ করা। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত অনেক শক্তিশালী রাষ্ট্র লবণের উৎপাদন ও বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।
সামরিক বাহিনীর জন্য লবণ ছিল অপরিহার্য। সৈন্যদের খাদ্য সংরক্ষণ এবং পশুর প্রয়োজন মেটাতে বিপুল পরিমাণ লবণের দরকার হতো। ফলে যুদ্ধের প্রস্তুতির সঙ্গেও লবণের মজুতের সম্পর্ক ছিল।
রোমানদের সময় সৈন্যদের কখনো কখনো লবণ দিয়ে পারিশ্রমিক দেওয়া হতো। ধারণা করা হয়, ল্যাটিন শব্দ ‘সল’ (লবণ) থেকেই ইংরেজি ‘স্যালারি’ শব্দটির উৎপত্তি।
১৩ শতকে ভেনিস ছিল ইউরোপের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ শহর। শহরটির উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল লবণ বাণিজ্যের। ভেনিসের আশপাশের অগভীর জলাভূমি থেকে লবণ উৎপাদন করা হতো এবং বণিকদের ফেরার সময় বাধ্যতামূলকভাবে লবণ নিয়ে আসতে হতো। পরে রাষ্ট্র সেটি লাভে বিক্রি করত।
কার্লানস্কির মতে, ১৪ থেকে ১৬ শতকের মধ্যে ভেনিসের আমদানির প্রায় অর্ধেকের সঙ্গে লবণের সম্পর্ক ছিল। ভেনিস শহরের সঙ্গে জেনোয়া নামের আরেকটি শহরের লড়াইয়ের কারণ ছিল এই লবণ। লবণের সরবরাহ নিয়ন্ত্রণ করে ভেনিস যেমন বাজার নিয়ন্ত্রণ করেছিল, তেমনি এটি শহরের সামরিক প্রতিরক্ষা ও প্রশাসনিক ব্যয়ের অন্যতম উৎস হয়ে উঠেছিল।
গান্ধীর লবণ আন্দোলন

লবণের রাজনৈতিক ব্যবহারের সবচেয়ে আলোচিত উদাহরণ ভারতের স্বাধীনতা আন্দোলন। ব্রিটিশ শাসনের সময় ভারত ছিল প্রাকৃতিকভাবে লবণসমৃদ্ধ দেশ। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলে প্রচুর লবণ উৎপাদন হতো।
কিন্তু ব্রিটিশ সরকার ভারতীয় লবণ শিল্পের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং লবণের ওপর কর আরোপ করে। সাধারণ ভারতীয়দের সমুদ্র উপকূল থেকে লবণ সংগ্রহও অবৈধ ঘোষণা করা হয়।
মহাত্মা গান্ধী এই আইনের প্রতিবাদে গুজরাটের উপকূলের দিকে ঐতিহাসিক লবণ পদযাত্রা শুরু করেন। শুরুতে তার সঙ্গে ছিলেন ৭৮ জন অনুসারী। ২৫ দিন পর সমুদ্রতীরে পৌঁছানোর সময় হাজারো মানুষ এতে যোগ দেন।
১৯৩০ সালের ৫ এপ্রিল গান্ধী ব্রিটিশ আইন অমান্য করে নিজ হাতে এক মুঠো লবণ সংগ্রহ করেন। এই ঘটনা পুরো ভারতে প্রতিবাদের ঢেউ সৃষ্টি করে এবং স্বাধীনতা আন্দোলনকে নতুন গতি দেয়। এক বছর পর ব্রিটিশ সরকার লবণ আইন শিথিল করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে।
লবণ ঘিরে যুদ্ধ ও বিদ্রোহ
ইউরোপের ইতিহাসেও লবণ ছিল ক্ষমতার প্রতীক। ফ্রান্সে ১৩ শতক থেকেই লবণের ওপর কর চালু হয়। অঞ্চলভেদে এই করের পরিমাণ ভিন্ন ছিল। এক এলাকা থেকে অন্য এলাকায় লবণ পাচার করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতো।
ফ্রান্সে লবণের ওপর আরোপিত উচ্চ কর সাধারণ মানুষের ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছিল। যদিও এটি ফরাসি বিপ্লবের একমাত্র কারণ ছিল না, তবে সরকারের অন্যায়ের প্রতীক হিসেবে লবণ কর ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রেও লবণ কর নিয়ে বিতর্ক ছিল। ১৭৯৭ সালে আমদানিকৃত লবণের ওপর কর আরোপ করা হয়, পরে তা বাতিল হলেও ১৮১৪ সালে যুদ্ধকালীন কর হিসেবে আবার চালু হয়। ১৮৯৪ সালে এটি পুরোপুরি বিলুপ্ত করা হয়।
আমেরিকার গৃহযুদ্ধের সময় লবণ ছিল কৌশলগত সম্পদ। দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর জন্য মাংস সংরক্ষণে লবণ অপরিহার্য ছিল। তাই ইউনিয়ন বাহিনী দক্ষিণের লবণ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে এবং লবণ আমদানির পথ বন্ধ করে দেয়। এর ফলে ১৮৬৩ সালের মধ্যে দক্ষিণে লবণের দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ৫০ গুণেরও বেশি বেড়ে যায়।
বাণিজ্য ও খাদ্য সংস্কৃতিতে লবণের প্রভাব
১৪৯২ সালের পর আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের প্রধান পথ হয়ে উঠলে লবণের বাণিজ্যেও বড় পরিবর্তন আসে। উত্তর আমেরিকার উপকূলে প্রচুর পরিমাণে পাওয়া কড মাছ লবণ দিয়ে সংরক্ষণ করে ইউরোপে পাঠানো হতো। দীর্ঘদিন সংরক্ষণ করা যেত বলে লবণযুক্ত মাছ অনেক অঞ্চলে খাদ্য সংকট মোকাবিলায় ভূমিকা রাখে।
বিভিন্ন সংস্কৃতির খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য তৈরিতেও ভূমিকা রয়েছে লবণে। সংরক্ষণ পদ্ধতি, রান্নার ধরন ও স্বাদের পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আলাদা খাদ্য সংস্কৃতির বিকাশ ঘটেছে।
আধুনিক বিশ্বেও কৌশলগত সম্পদ
বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় লবণ উৎপাদক ও ব্যবহারকারী দেশ। তবে উৎপাদিত লবণের বড় অংশ খাবারের জন্য নয়। রাস্তার বরফ গলানো, রাসায়নিক শিল্প, পানি বিশুদ্ধকরণসহ বিভিন্ন কাজে লবণের ব্যবহার হয়।
ক্লোরিন উৎপাদন থেকে শুরু করে পানীয় জল জীবাণুমুক্তকরণ ও বর্জ্য পরিশোধনেও লবণের ভূমিকা রয়েছে। ফলে আধুনিক শিল্পেও লবণ একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।
এক দানা লবণ শুধু রান্নাঘরের গল্প নয়; এটি মানুষের বেঁচে থাকা, বাণিজ্য, রাজনীতি, যুদ্ধ ও সভ্যতার বিকাশের সঙ্গে জড়িয়ে থাকা এক দীর্ঘ ইতিহাস। সাধারণ এই খনিজ পদার্থই যুগে যুগে হয়ে উঠেছে ক্ষমতা ও পরিবর্তনের অন্যতম নিয়ামক।


