বাংলাদেশের জলসীমা থেকে ৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

বাংলাদেশের জলসীমা থেকে ৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমায় ঢুকে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৪০), মোহাম্মদ ইসমাইল (৪৫) ও হারুন (৩৭)।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট জেলে কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, ‘সকালে তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। এর আগেও ওই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলেদের মধ্যে সবসময় আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।’

আরও পড়ুন

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘জালিয়াপাড়ার তিন জেলেকে আরাকান আর্মি নাফ নদীর মোহনা থেকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, বাংলাদেশের জলসীমায় ঢুকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করে। এ সময় কয়েকজন জেলে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেন। দুজন নৌকাসহ পালিয়ে আসতে পারলেও তিনজনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় জেলেরা জানান, রাখাইন অঞ্চলে সংঘাত শুরুর পর থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে তারা আতঙ্কে থাকছেন। আরাকান আর্মির হাতে জেলেদের আটক ও ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad